বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে খুব দ্রুত সময়ের মধ্যে উন্নয়নকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংস্কারকাজ চলমান রেখেই আগামী জুলাইয়ে এখানে প্রমিলা বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি স্টেডিয়ামের উইকেট, গ্যালারি, ড্রেসিংরুমসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক মান অর্জনে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের ৬৪ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে আটটি বিভাগ ও দুটি অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য বগুড়াকে নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম থাকার কথা থাকলেও নানা কারণে বগুড়ায় সেই সুযোগ হয়নি। তাই চান্দু স্টেডিয়ামের উন্নয়নের পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে পৃথক আরেকটি স্টেডিয়াম নির্মাণের বিষয়েও চিন্তা করা হচ্ছে।
সরকারের চলমান উদ্যোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের ৪৯৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ চলছে। গ্রামীণ পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।