Image description

আসন্ন পয়লা বৈশাখ ঘিরে নববর্ষের কেনাকাটায় শেষ মুহূর্তেও সরগরম রাজধানী বিপনীবিতানাগুলো। তীব্র গরমকেও যেন হার মানিয়েছে উৎসবের উচ্ছ্বাস। রোদের তাপ উপেক্ষা করেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে রাজধানীর শপিংমল গুলোতে ভিড় করছেন উৎসবপ্রিয় বাঙালি। আর সেই আনন্দঘন ভিড়ে ফুটে উঠছে বাংলা নববর্ষকে ঘিরে তাদের আগ্রহ ও ভালোবাসা।

সোমবার (১৩ এপ্রিল) মৌচাক মার্কেটের পোশাক ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, “বছরের অন্য সময়ের তুলনায় এখন বিক্রি একটু বেশি। বিশেষ করে লাল-সাদা শাড়ির চাহিদা সবচেয়ে বেশি।”

একই চিত্র নিউ মার্কেটেও। এখানে কথা হয় ক্রেতা রাবেয়া সুলতানার সঙ্গে। তিনি বলেন, “পহেলা বৈশাখে শাড়ি না হলে যেন উৎসবটাই পূর্ণ হয় না। সবাই শাড়ি পরে ঘুরবো, খাওয়া-দাওয়া করবো, মেলায় যাব- এটাই তো আসল আনন্দ”।

ফরচুন শপিং মলেও দেখা গেছে একই দৃশ্য। দোকানিরা বলছেন, তরুণীদের মধ্যে শাড়ির প্রতি আগ্রহ আগের তুলনায় আরও বেড়েছে। বিক্রেতা মাসুদ হোসেন বলেন, “এবার মেয়েরা শাড়ির দিকে বেশি ঝুঁকছে। বিভিন্ন ডিজাইন, হাতের কাজ আর দেশীয় কাপড়ের শাড়ি বেশি বিক্রি হচ্ছে।”

তবে শুধু শাড়িই নয়, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের পোশাক এবং নানা ধরনের এক্সেসরিজেরও ভালো চাহিদা রয়েছে। পরিবার নিয়ে অনেকেই বের হচ্ছেন কেনাকাটায়, ফলে মার্কেটগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বিক্রেতারাও আশা করছেন, শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে।

সব মিলিয়ে, পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীর বাজারগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে, আর সেই আমেজে শাড়িই যেন হয়ে উঠেছে নারীদের প্রথম পছন্দ।