প্রায় ৫ দিন পর যুদ্ধে বিধ্বস্ত রেলপথ মেরামত করে ট্রেন চলাচল পুনরায় শুরু করেছে ইরান।
সোমবার (১৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেতু, রেললাইন ও অন্যান্য ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
উত্তর-পশ্চিমের আজারবাইজান অঞ্চলে তাবরিজ থেকে রাজধানী তেহরান ও উত্তর-পূর্বের মাশহাদ পর্যন্ত ট্রেন চলাচল আবার শুরু হয়েছে বলে ওই অঞ্চলের রেলওয়ে মহাপরিচালক জানিয়েছেন। তেহরানের দক্ষিণে কোম শহরের কাছে একটি রেলসেতু মাত্র ৪০ ঘণ্টার কম সময়ে পুনর্নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন কোম প্রদেশের উপ-গভর্নর খসরো সামারি।
ইসফাহান প্রদেশের কাশান শহরে যে ইয়াহিয়া আবাদ রেলসেতুতে ইসরায়েল হামলা চালিয়েছিল, শুক্রবার সেখান দিয়েও ট্রেন চলতে দেখা গেছে বলে তাসনিম নিউজ একটি ভিডিও প্রকাশ করেছে।
তবে বৃহত্তর পুনর্গঠন কাজ এখনো অনেকটাই বাকি। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামো পুরোপুরি পুনর্নির্মাণ করতে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।