ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের ভেতরে জনমত বিভক্ত হয়ে পড়েছে। একটি জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ ইসরায়েলি এই যুদ্ধবিরতির বিরোধী।
সোমবার (১৩ এপ্রিল) বার্তা সংস্থা আল-জাজিরা ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয় অব জেরুজালেমের সর্বশেষ জরিপের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, ইরান প্রশ্নে ইসরায়েলের কী করা উচিত। এর জবাবে ৩৯ শতাংশ বলেছেন ইসরায়েলের হামলা অব্যাহত রাখা উচিত, আর ৪১ শতাংশ মনে করেন যুদ্ধবিরতি মেনে চলা উচিত। বাকিরা কোনো স্পষ্ট মত দেননি।
লেবানন প্রশ্নে জনমত আরও স্পষ্ট। ৬১ শতাংশ ইসরায়েলি মনে করেন হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযান যুদ্ধবিরতির আওতায় আসা উচিত নয়। অথচ তেহরান শুরু থেকেই লেবাননে যুদ্ধবিরতিকে যেকোনো চুক্তির পূর্বশর্ত হিসেবে দাবি করে আসছে।
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থনও কমছে। যুদ্ধ শুরুর সময় ৪০ শতাংশ ইসরায়েলি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেন, এখন সেই সংখ্যা নেমে এসেছে ৩৪ শতাংশে।