বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাবেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের ভাতার অংশ উত্তোলন করতে পারবেন।
তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা আছে। এর মধ্যে ৫ হাজার ৭৬৭টি দাখিল পর্যায়ের, ১ হাজার ২৮৫টি আলিম পর্যায়ের, ৯৯৩টি ফাজিল পর্যায়ের এবং ১৮৪টি কামিল পর্যায়ের মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারী আছেন প্রায় ১ লাখ ২০ হাজার।