জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তাতি কালিয়ানি এলাকায় অবস্থিত মেসার্স গুডলাক সিএনজি করপোরেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় প্রতি পাঁচ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশনের মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পরিমাপে কম দেওয়ার জন্য এক ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। জ্বালানি তেলে সঠিক পরিমাপ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।