গাউট গাউট—কদিন আগেও বিশ্ব ক্রীড়াঙ্গনে নামটা অপরিচিত ছিল। কিন্তু এখন থেকে তাকে মনে রাখতেই হবে।
বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের একটি রেকর্ড ভেঙে যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গাউট গাউট! অস্ট্রেলিয়া অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গতকাল সিডনির প্রতিকূল আবহাওয়ায় ১৮ বছর বয়সী এই স্প্রিন্টার ২০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে।
এতেই ভেঙে গেছে বোল্টের গড়া ২২ বছর আগের রেকর্ড।
প্রতিযোগিতায় গাউটকে টক্কর দিয়েছিলেন এইডান মারফি নামে আরেক স্প্রিন্টার।
জেতার পর অনুভূতি জানাতে গিয়ে গাউট গাউট বলেন, ‘আমি এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। আমরা একে-অপরকে উৎসাহিত করি।
গাউট গাউটের পায়ের লম্বা ধাপ, সোজা হয়ে দৌড়ানোর ভঙ্গি এবং দৌড়ের শেষ দিকে গতি বাড়ানোর কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ মনে করা হচ্ছে।
কে এই গাউট গাউট
গাউট গাউটের জন্ম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ইপ্সউইচ শহরে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর। তবে তার মা-বাবার জন্ম দক্ষিণ সুদানে। সেখানকার সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে মিসর হয়ে ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ায় যান।
ইংরেজি বানান অনুযায়ী, এই তরুণ স্প্রিন্টারের নামের উচ্চারণ হয় ‘গাউট’। কিন্তু তার বাবা বোনা গুওটের ভাষ্য, সরকারি নথিতে ভুল করে নামের বানান গাউট লেখা হয়েছিল। আসল বানান উচ্চারণ গুওট। তবে এখন তার ছেলে গাউট গাউট নামেই পরিচিত।
বিশ্ব অ্যাথলেটিক্স অঙ্গনে আত্মপ্রকাশের পর দ্রুতই কুইন্সল্যান্ডের জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন গাউট গাউট। ২০২৪ সালের শেষ দিকে তিনি পিটার নরম্যানের ৫৬ বছরের পুরোনো ২০০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙে দেন। গত বছর জাপানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেক এবং ২০০ মিটারের সেমিফাইনালে পৌঁছে তিনি আবারো খবরের শিরোনাম হন।
ভবিষ্যতের কথা ভেবে গাউট গাউট এ বছর কমনওয়েলথ গেমসে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার বর্তমান লক্ষ্য হলো ইউজিনে অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকতা বজায় রাখা।
অ্যাথলেটিক্স বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফর্ম ধরে রাখতে পারলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে গাউট গাউট হবেন সোনার পদকের প্রধান দাবিদার।