আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (এপ্রিল) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তিসহ দলের সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি অতীতের মতোই দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মো. তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নিজ শহর এখনও নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। নগরীর ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোরও কার্যকর সমাধান হয়নি।
তিনি বলেন, আমরা নেতৃত্বে আসতে পারলে কুমিল্লার নাগরিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেব এবং একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তুলব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, কুমিল্লা নগরীর সমন্বয়কারী সিরাজুল হক এবং কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ দলীয় নেতাকর্মীরা।