আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে দিয়ে গত ১০ মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল।
চলতি মাসের ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীণ বিসিবির নির্বাচিত পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বিসিবির চাকরি হারানোর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসসিসি) বড় একটি চাকরির প্রস্তাব পেয়েছিলেন আমিনুল। কিন্তু দুটি বড় দেশ সেখানে ভেটো দেওয়ায় শেষ পর্যন্ত চাকরিটা হয়নি জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।
এব্যাপারে আমিনুল ইসলাম জানান, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসসিসিতে। কিন্তু দুটো বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, ‘আমি এখন আপাতত একটা গবেষণা দলে কাজ করব। হায়ার কনশাসনেস নিয়ে, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণায় ঢুকব।’
আমিনুল আরও বলেন, ‘অনেক তো কাজ করলাম, দেখি না এখন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। আমি রিজিকের ওপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব, সেখানে হয়তো এই অধ্যায়টাও বড় করে থাকবে। পরিবারকে এখন বেশি সময় দিতে পারব।’