Image description

মৃত্যুদণ্ডের খবরে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দিরা “আল্লাহু আকবার” স্লোগান দিচ্ছে-এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। “প্রবাস কথা” নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “মৃত্যুদণ্ডের খবরে রাতভর ইসরায়েলে ফিলিস্তিনি বন্দিদের ‘আল্লাহু আকবার’ স্লোগান!”

তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ইসরায়েলের নয়; এটি লেবাননের রুমিয়েহ কারাগারের একটি পুরোনো দৃশ্য।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির একাধিক কিফ্রেম রিভার্স সার্চ করলে ২০২৪ সালের ৮ ডিসেম্বর “আল-জাজিরা সিরিয়া নাউ”-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। একই অডিওসহ ওই ভিডিওর আরবি ক্যাপশনের অনুবাদ অনুযায়ী, সিরিয়ার দামেস্ক ও হোমসে বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবরে লেবাননের রুমিয়েহ কারাগারের বন্দিরা “আল্লাহু আকবার” স্লোগান দিয়ে উদযাপন করেছিলেন। এছাড়া, ভিডিওটি এর আগে ভিন্ন দাবিতেও ছড়িয়েছিল।

আরবভিত্তিক ফ্যাক্টচেকিং সংস্থা মিসবার ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে একই প্রেক্ষাপট নিশ্চিত করে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার শাসক বাশার আল-আসাদের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেস্কে প্রবেশ করলে আসাদ দেশত্যাগ করেন। এ খবর ছড়িয়ে পড়লে রুমিয়েহ কারাগারে থাকা অনেক সিরীয় ও আসাদবিরোধী বন্দি আনন্দ প্রকাশ করে স্লোগান দেন।

অতএব, মৃত্যুদণ্ডের খবরে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দিদের স্লোগান দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর; এটি ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ভিডিও।