মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে রাডার ও ইন্টারসেপ্টর ইউনিটের ক্ষয়ক্ষতি মার্কিন সামরিক সক্ষমতাকে সাময়িকভাবে দুর্বল করে দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
প্রায় ৩৯ দিন ধরে চলা এই সংঘাতে ইরান একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল রাডার ও যোগাযোগ ব্যবস্থা, যেগুলো শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এসব স্থাপনার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত বা অচল হয়ে গেছে।
ফলে প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ধরে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় অনেক বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। কিছু ক্ষেত্রে একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে ১০-১১টি পর্যন্ত ইন্টারসেপ্টর নিক্ষেপের প্রয়োজন পড়েছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।
এ পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, গ্যালিয়াম নামের একটি খনিজ উপাদান। আধুনিক ইন্টারসেপ্টর ও রাডার প্রযুক্তিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর তৈরিতে গ্যালিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই খনিজের প্রক্রিয়াজাতকরণে প্রায় পুরোপুরি আধিপত্য রয়েছে চীনের হাতে।
সাম্প্রতিক সময়ে গ্যালিয়ামের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি দ্রুত তার প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্গঠন করতে চায়, তাহলে এই খনিজের চাহিদা আরও বাড়বে যা চীনের দরকষাকষির ক্ষমতাকে শক্তিশালী করবে।
গ্যালিয়ামের পাশাপাশি টারবিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল ধাতুও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ। এসব ধাতুর বৈশ্বিক প্রক্রিয়াজাতকরণের বড় অংশই চীনের নিয়ন্ত্রণে থাকায় যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প সরবরাহ ব্যবস্থা তৈরি করা সহজ নয়।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই খনিজ সরবরাহে কোনো বিঘ্ন ঘটলে প্রতিরক্ষা শিল্পে নতুন সংকট তৈরি হতে পারে, কারণ উৎপাদন সক্ষমতা আগেই চাহিদার তুলনায় পিছিয়ে রয়েছে।
এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে খনিজ সরবরাহ চেইন গড়ে তোলার চেষ্টা শুরু করেছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ফলে স্বল্পমেয়াদে চীন এই খনিজ নির্ভরতার সুযোগ নিয়ে কৌশলগতভাবে বাড়তি সুবিধা পেতে পারে এমন আশঙ্কাই এখন বেশি জোরালো হয়ে উঠছে।
শীর্ষনিউজ