চেলসির ড্রেসিংরুমে এখন একটু অস্বস্তির বাতাস। ফল ভালো যাচ্ছে না, চাপ বাড়ছে আর এর মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আর সেটারই খেসারত দিতে হচ্ছে তাকে। আগামী দুই ম্যাচের স্কোয়াডে তাকে না রাখার ঘোষণা দিয়েছে চেলসি কোচ।
চেলসি কোচ লিয়াম রোজেনিওর বিষয়টি ঘুরিয়ে-পেঁচিয়ে বলেননি। সরাসরিই বলেছেন, ‘একটা সীমা অতিক্রম হয়েছে।’
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর এনজো বলেছিলেন, তিনি নিশ্চিত নন আগামী মৌসুমে চেলসিতে থাকবেন কি না। এরপর আবার স্পেনে খেলার আগ্রহের কথাও সামনে আসে। কথাগুলো খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সময়টা ঠিক ছিল না আর সেটাই সমস্যার জায়গা।
রোজেনিওরও সেটাই বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন, এনজোর প্রতি তার সম্মান আছে, কিন্তু দলের একটা সংস্কৃতি থাকে, একটা ভেতরের নিয়ম থাকে। সেই জায়গায় একটু ফাঁক তৈরি হয়েছে।
চেলসির পরিস্থিতিটাও এখন সহজ নয়। মার্চের মাঝামাঝি কয়েকটা ম্যাচ যেন পুরো ছন্দটাই নষ্ট করে দিয়েছে। টানা হার, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়—সব মিলিয়ে দলটা এখনও নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এই সময়েই এমন মন্তব্য ড্রেসিংরুমে বাড়তি চাপ তৈরি করে।
তবে বিষয়টি এখানেই শেষ নয়। কোচ পরিষ্কার করে দিয়েছেন, এটা স্থায়ী কিছু নয়। দরজা বন্ধ হয়নি। বরং এটাকে একটা সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে দলের ভেতরের ভারসাম্যটা ঠিক রাখার জন্য।