ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। জাতীয় দলের হয়ে পারফরম্যান্সে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ডাকেটকে এবারের আইপিএলে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামা হচ্ছে না তার। এই সিদ্ধান্তের ফলে আগামী দুই মৌসুম—২০২৭ ও ২০২৮ সালের আইপিএল নিলামে অংশ নিতে পারবেন না তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডাকেট জানান, এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে শৈশবের স্বপ্ন পূরণ করে ইংল্যান্ড দলের হয়ে নিয়মিত খেলতে চাইলে এখনই নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখা জরুরি বলে মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত ছিলেন এবং হঠাৎ সরে দাঁড়ানোয় দলের পরিকল্পনায় বিঘ্ন ঘটতে পারে—এজন্য দুঃখও প্রকাশ করেন। একই সঙ্গে সমর্থকদের কাছেও ক্ষমা চান এই ইংলিশ ব্যাটার।
সম্প্রতি অ্যাশেজ সিরিজে খুব একটা ভালো সময় কাটেনি ডাকেটের। ১০ ইনিংসে মাত্র ২০২ রান করেন তিনি, গড় ছিল ২০-এর সামান্য বেশি। ফলে আসন্ন ঘরের মাঠের মৌসুমে দলে নিজের জায়গা ধরে রাখতে এখন বাড়তি মনোযোগ দিতে চান তিনি।
জানা গেছে, আইপিএলের সময়েই শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন ডাকেট। আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে এটিকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন তিনি।