Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান।

দেশটির সেনাপ্রধান আসিম মুনির রবিবার (২২ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

কূটনৈতিক সূত্র জানায়, আগামী সপ্তাহেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে পারে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং স্থান হিসেবে ইসলামাবাদও চূড়ান্ত নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধির ভূমিকা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন।

তবে ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আলোচনার খবরকে 'ভুয়া' বলে উল্লেখ করেছেন। ইরানি সূত্র বলছে, ওয়াশিংটনের প্রতি তাদের আস্থা নেই এবং আগের অভিজ্ঞতার কারণে আলোচনাকে প্রতারণার কৌশল হিসেবে দেখছে তেহরান।

উল্লেখ্য, প্রায় এক মাস ধরে চলা সংঘাতে হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান, ওমান, তুরস্ক ও মিসরসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।

শীর্ষনিউজ