Image description

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনা হয়।

 

মঙ্গলবার (২৪ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।

 

এক্স-এ দেওয়া পৃথক পোস্টে মোদি এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সমন্বিত হামলা চালানোর পর মঙ্গলবার দুই নেতার মধ্যে এটিই প্রথম ফোনালাপ।

 

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়েছিলেন। তার সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে একটি ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমন এবং শান্তি পুনরুদ্ধারের পক্ষে। হরমুজ প্রণালিকে “উন্মুক্ত, সুরক্ষিত এবং প্রবেশযোগ্য” রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য।

 

 

এই জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ এবং ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এর মাধ্যমেই সম্পন্ন হয়।

 

এর আগে সোমবার ভারতীয় সংসদে দেওয়া বক্তব্যে মোদি বলেন, এই সংঘাত বিমান চলাচল, জাহাজ চলাচল এবং গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাতকে ব্যাহত করেছে। এছাড়া তিনি জানান, সম্ভাব্য জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রভাব মোকাবিলার জন্য ভারতের কাছে পেট্রোলিয়াম, সার এবং কয়লার পর্যাপ্ত মজুত রয়েছে।