আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দুঃসংবাদ পেলো দু’দলই। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দু’দলেরই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার।
বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে রক্ষণভাগের গঞ্জালো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দির চোট। রিভার প্লেটের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রাইটব্যাক মন্তিয়েল। তার জায়গায় কোচ লিওনেল স্কালোনির ভরসা এখন শুধু নাহুয়েল মলিনা। অন্যদিকে অলিম্পিক মার্শেইর সেন্টারব্যাক বালের্দির পরিবর্তে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা। উল্লেখ্য, ফিনালিসিমা বাতিল হওয়ার পর আর্জেন্টিনা শেষ মুহূর্তে ঘরের মাঠে দু’টি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে আগামী ২৮শে মার্চ মৌরিতানিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে আর্জেন্টাইনরা। জাম্বিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ ১লা এপ্রিল।
অন্যদিকে ব্রাজিলের ডেরায় চোটের তালিকাও দীর্ঘ। গোলকিপার আলিসন বেকার ও লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোর পর এবার ছিটকে গেছেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। রোববার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। কোচ কার্লো আনচেলোত্তি মাগালায়েসের বিকল্প হিসেবে কাউকে দলে ডাকেননি। তবে সান্দ্রোর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ক্রুজেইরো লেফটব্যাক কাইকিকে। আন্তর্জাতিক বিরতিতে দু’টি হাই-ভোল্টেজ ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। আগামী ২৬শে মার্চ ম্যাসাচুসেটসে ফরাসিদের সঙ্গে প্রথম ম্যাচের পর ১লা এপ্রিল ফ্লোরিডায় ক্রোয়াটদের বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সূচি
তারিখ দল প্রতিপক্ষ বাংলাদেশ সময়
২৬শে মার্চ ব্রাজিল ফ্রান্স রাত ২টা
২৮শে মার্চ আর্জেন্টিনা মৌরিতানিয়া ভোর ৫:১৫
১লা এপ্রিল আর্জেন্টিনা জাম্বিয়া ভোর ৫টা
১লা এপ্রিল ব্রাজিল ক্রোয়েশিয়া সকাল ৬টা
আরও যত প্রীতি ম্যাচ
তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
২৭শে মার্চ ইংল্যান্ড-উরুগুয়ে রাত ১:৪৫
নেদারল্যান্ডস-নরওয়ে রাত ১:৪৫
সুইজারল্যান্ড-জার্মানি রাত ১:৪৫
স্পেন-সার্বিয়া রাত ২টা
২৮শে মার্চ যুক্তরাষ্ট্র-বেলজিয়াম রাত ১:৩০
২৯শে মার্চ মেক্সিকো-পর্তুগাল সকাল ৭টা
কলম্বিয়া-ফ্রান্স রাত ১টা
৩০শে মার্চ জার্মানি-ঘানা রাত ১২:৪৫
৩১শে মার্চ ইংল্যান্ড-জাপান রাত ১২:৪৫
নেদারল্যান্ডস-ইকুয়েডর রাত ১২:৪৫
স্পেন-মিশর রাত ১টা
১লা এপ্রিল যুক্তরাষ্ট্র-পর্তুগাল ভোর ৫টা
মেক্সিকো-বেলজিয়াম সকাল ৭টা
আন্তঃমহাদেশীয় ও ইউরোপিয়ান প্লে-অফ
আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের চূড়ান্ত টিকিটের লড়াইয়েও নামছে বেশ কয়েকটি দল। মেক্সিকোতে ২৬ থেকে ৩১শে মার্চ পর্যন্ত চলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট, যেখানে পাঁচটি মহাদেশের ছয়টি দল লড়বে দু’টি টিকিটের জন্য।
ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, এ টুর্নামেন্টে কঙ্গো ও এশিয়ার প্রতিনিধি ইরাক খেলবে সরাসরি ফাইনালে। এক নম্বর পাথওয়েতে কঙ্গোর প্রতিপক্ষ নির্ধারিত হবে নিউ ক্যালেডোনিয়া ও জ্যামাইকার সেমিফাইনাল ম্যাচের জয়ীর মাধ্যমে। অন্যদিকে দুই নম্বর পাথওয়েতে ইরাকের মুখোমুখি হবে বলিভিয়া-সুরিনামের মধ্যকার জয়ী দলটি।
একইসঙ্গে ইউরোপিয়ান অঞ্চলের বাকি চারটি স্থানের জন্য শুরু হচ্ছে ইউরোপিয়ান প্লে-অফ। গ্রুপ পর্বের ১২ চ্যাম্পিয়ন মূলপর্বে সরাসরি জায়গা করলেও, ১৬টি দল এখনো প্লে-অফের উত্তাল সমুদ্র পার হওয়ার অপেক্ষায়। দলগুলোকে ভাগ করা হয়েছে চারটি ভাগে, যেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল শেষে চারটি দল বিশ্বকাপের মূলপর্বে যোগ দেবে।