Image description

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আমজাদ হোসেন। বিসিবির মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালনা পর্ষদ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই সংগঠক।

এর ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন দুজন পরিচালক। গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। 

রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আমজাদ হোসেনের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মো. মোখছেদুল কামালকে। এর পরপরই ই-মেইলে বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন আমজাদ।

পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন এই সংগঠক।

তবে সংবাদমাধ্যমকে পদত্যাগ নিয়ে আমজাদ বলেছেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদ চাইলে যে কোনও দায়িত্বে পরিবর্তন আনতেই পারে। আমাকেও মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে, এই বোর্ডে যখন ভ্যালু অ্যাড করতে পারছি না, তখন আর পরিচালক পদে থাকারও কোনও মানে নেই।’