Image description

ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলুশনারি গার্ড কোর জানিয়েছে বিষয়টি। এ নিয়ে তারা ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ‘৭৭তম’ বারের মতো হামলা শুরু করেছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ইসরাইলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে চালানো হয়েছে। এতে ‘সুপার-হেভি’ এবং ‘পয়েন্ট-অ্যান্ড-শুট’ সিস্টেম, খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে।

এছাড়া ইরান দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েতে আলি আল সালেম, সৌদি আরবে প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতে আল-দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ট্রাম্পের পরস্পরবিরোধী আচরণ আমাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে পারবে না এবং আমরা লড়াই চালিয়ে যাব।’