Image description

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লাভরভ দ্রুত সংঘাত বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে এগোনোর ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন তিনি।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানান।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই সংঘাত আরও বিস্তৃত হয়ে ক্যাস্পিয়ান সাগর অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা।