পবিত্র ঈদুল আজহার দিনে দেশবাসীকে দারুণ এক উপহার দিল বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। একই সঙ্গে টানা তৃতীয় শিরোপা জয়ের অভিযানে আত্মবিশ্বাসী শুরু পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের মাত্র ১১ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে দেন আনিকা রানিয়া সিদ্দিকী। দ্রুত পাওয়া সেই গোলেই উৎসবের আবহ তৈরি হয় বাংলাদেশ শিবিরে।
প্রথমার্ধের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেলা মারমা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরালে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সুরভী আক্তার প্রীতি। গুরুত্বপূর্ণ সময়ে গোল করে আবারও বাংলাদেশকে এগিয়ে নেন তিনি। এরপর যোগ করা সময়ে কফিনে শেষ পেরেক ঠুকে দেন কোহাতি কিসকু। তার গোলে নিশ্চিত হয় ৪-২ ব্যবধানের জয়।
ঈদের দিনে মাঠে নেমে জয় পাওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশ দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মারিয়া মান্দা বলেছিলেন, জয় দিয়ে দেশবাসীকে ঈদের আনন্দ উপহার দিতে চান তারা। যদিও কোচ পিটার বাটলার দলকে বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শই দিয়েছিলেন। শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হয়েছে বাংলাদেশ শিবিরের।
এই জয়ের মাধ্যমে মালদ্বীপের বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডও অক্ষুণ্ণ রাখল বাংলাদেশ নারী দল।