Image description

ঈদের দিনেও ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের ফুটবলে। একদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপে রাতে মাঠে নামবে বাংলাদেশ নারী দল, অন্যদিকে জাতীয় দলের ফুটবলাররা সান মারিনো ম্যাচের প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছেন। এর মধ্যেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ড্র।

ড্রয়ে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে রোনানদের প্রতিপক্ষ হয়েছে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে মূল পর্ব। সেখানে জায়গা করে নেবে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সাতটি সেরা রানার্সআপ। স্বাগতিক হওয়ায় চীন সরাসরি মূল পর্বে খেলবে।

আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাছাই পর্বের ম্যাচ। বাংলাদেশের সব ম্যাচ হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। সূচি অনুযায়ী প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। এরপর সিরিয়া ও ভারতের মুখোমুখি হবে রোনানদের দল।

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল রোনানদের দল। এবার এশিয়ান বাছাইয়েও একই গ্রুপে পড়েছে দুই প্রতিবেশী দেশ।

এবারের আসর থেকে বয়সভিত্তিক প্রতিযোগিতার বাছাই পদ্ধতিতেও পরিবর্তন এনেছে এএফসি। আগে ৪০টির বেশি দল সরাসরি বাছাইয়ে অংশ নিলেও এখন থেকে সব দল সেই সুযোগ পাচ্ছে না। আগের আসরে খারাপ করা দলগুলোকে আগে ডেভেলপমেন্ট কাপ খেলে পরবর্তী বাছাইয়ে জায়গা নিশ্চিত করতে হবে। এছাড়া এবার সরাসরি বাছাইয়ে অংশ নেওয়া আট গ্রুপের মধ্যে সবচেয়ে বাজে পারফর্ম করা ছয় দলকে আগামী বছর ডেভেলপমেন্ট কাপ খেলতে হবে।