Image description

বিশ্বকাপ শুধু গোল, ট্রফি কিংবা বড় তারকাদের গল্প নয়। এই মঞ্চ অনেক সময় অচেনা ফুটবলারকেও রাতারাতি আলোচনার কেন্দ্রে এনে দেয়। কখনো এক গোল, কখনো এক ট্যাকল, আবার কখনো মাঠে নামার আগেই সামাজিক মাধ্যমের অদ্ভুত ঢেউ বদলে দেয় কোনো ফুটবলারের পরিচিতি। নিউজিল্যান্ডের ডিফেন্ডার টিম পেইনের সঙ্গে ঠিক সেটিই ঘটেছে।

 

আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার ভ্যালেন স্কারসিনি, যিনি ইনস্টাগ্রাম ও টিকটকে ‘elscarso’ নামে পরিচিত, একটি ভিডিওতে পেইনকে বিশ্বকাপের ‘সবচেয়ে কম পরিচিত’ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। এরপরই নিজের অনুসারীদের পেইনের অ্যাকাউন্টে লাইক, কমেন্ট ও ফলো করতে উৎসাহ দেন তিনি।

ফলটা ছিল অবিশ্বাস্য। কয়েক দিনের ব্যবধানে পেইনের ইনস্টাগ্রাম ফলোয়ার ৪ হাজার ৭১৫ থেকে বেড়ে দাঁড়ায় প্রায় ৬ লাখ ৬০ হাজারে। সংখ্যাটা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন, অল ব্ল্যাকস রাগবি তারকা আর্ডি সাভিয়া, এমনকি স্কারসিনির নিজের ফলোয়ারকেও ছাড়িয়ে যায়।

 

পেইন নিজেও পরে স্কারসিনিকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠান। ওয়েলিংটন ফিনিক্সের ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে নিজের ৫০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আরও বাড়ানোর অপেক্ষায় আছেন।

 

বিশ্বকাপে সবচেয়ে নিচু র‍্যাঙ্কিংয়ের দল নিউজিল্যান্ড। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ ইরান, মিসর ও বেলজিয়াম। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। তার আগেই পেইন বুঝে গেলেন, বিশ্বকাপে কখন কার গল্প ভাইরাল হয়ে যায়, তা আগে থেকে বলা যায় না।