Image description

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এমন সময়ে লিওনেল মেসির ইনজুরি নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়ছে।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর সরাসরি ড্রেসিংরুমে চলে যান আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ চলাকালীন তাকে বাঁ-পায়ে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায়।

এর আগে, ৬৯তম মিনিটে আক্রমণে এগিয়ে গেলেও হঠাৎ থেমে গিয়ে সতীর্থদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলেন মেসি। পরে তাকে বদলি করে মাতেও সিলভেত্তিকে মাঠে নামান কোচিং স্টাফ।

তবে মেসির ইনজুরি নিয়ে শঙ্কার মধ্যেই স্বস্তির খবর মিলেছে। মায়ামির কোচ গিলের্মো হোইস জানিয়েছেন, কোনো ইনজুরিতে পড়েননি মেসি। পুরোপুরি সতর্কতামূলক সিদ্ধান্ত ছিল এটি। ফলে মেসির চোট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোইস বলেন, ‘আমরা এখনও চূড়ান্ত মেডিকেল রিপোর্ট পাইনি। তবে লিও (মেসি) ক্লান্ত ও অবসন্ন অনুভব করছিল। সেই ক্লান্তির কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’