Image description

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অননুমোদিত ব্যক্তিদের মাধ্যমে ইউজার আইডি ব্যবহারের ঘটনা ঠেকাতে জরুরি নির্দেশনা জারি করেছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। একইসঙ্গে রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১ জুন পর্যন্ত জন্মমৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২৪মে) এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, কোনও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে দায়িত্ব পালনে সমর্থ না হলে বা একাধিক ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্বে থাকলে তার পরিবর্তে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, অনেক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার কম্পিউটার ব্যবহারে কারিগরি দক্ষতা না থাকা কিংবা একাধিক ইউনিয়নের দায়িত্বে থাকার কারণে ইউজার আইডি ও পাসওয়ার্ড অননুমোদিত ব্যক্তিদের কাছে হস্তান্তরের ঘটনা ঘটছে। এতে সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও তৈরি হচ্ছে।

অফিস আদেশে আরও বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী চেয়ারম্যান বা ক্ষমতাপ্রাপ্ত কোনও কর্মকর্তা বা সদস্য ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী, নিবন্ধক তার কার্যালয়ের নিয়মিত বেতন কাঠামোর আওতায় চাকরিরত কোনও কর্মচারীকে নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে পারবেন।

বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অথবা হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এই দায়িত্ব পালন করতে পারেন বলেও উল্লেখ করা হয়।

অফিস আদেশে সতর্ক করে বলা হয়েছে, নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর ফৌজদারি অপরাধ এবং এগুলো কোনওভাবেই হস্তান্তরযোগ্য নয়।

১ জুন পর্যন্ত বন্ধ থাকবে বিডিআরআইএস সফটওয়্যার

অন্য এক অফিস আদেশে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আগামী ১ জুন পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

গত ২০ মে জারি করা ওই আদেশ অনুযায়ী, ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১ জুন সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।