কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মাদক উদ্ধারে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় গিয়েছিলেন পুলিশের এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
তিনি এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম দুই প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তরক্ষী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সীমান্তের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ভারতীয় কর্তৃপক্ষকে ঘটনাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের দাবি জানান তিনি।
সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সংশ্লিষ্ট বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার আটক দুই পুলিশ সদস্যকে সম্মানের সঙ্গে অবিলম্বে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানানো এবং প্রতিকার দাবি করার আহ্বান জানান তিনি।
শীর্ষনিউজ