সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এ পর্যন্ত বাংলাদেশের ১০৭টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জনের সৌদিযাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি ফ্লাইট ৪৪টি। বাকি ৬৩টি ট্রানজিট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি ও রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।