Image description

দিল্লির কনট প্লেসের কাছে পদযাত্রা কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করায় সংগঠনটির নেতৃত্ব ও বিকল্প পরিকল্পনা এখন পরীক্ষার মুখে পড়েছে।

সিজেপি জানিয়েছে, বিক্ষোভস্থলে তাদের নেতাকে যেতে পুলিশ বাধা দিলে পরিস্থিতি মোকাবিলায় বিকল্প কৌশল প্রস্তুত রাখা হয়েছে।

কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিরঙ্গা মার্চ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। তবে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও জমায়েতের ওপর বিধিনিষেধের কারণে সংগঠনটির নেতা ও সমর্থকেরা সেখানে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এদিন দিপকেকে আটকের কয়েক মিনিট আগে ইন্ডিয়া টুডে ডিজিটালকে সিজেপি জানায়, গত ১০ অক্টোবরের বিক্ষোভের সময় নেওয়া প্রস্তুতির মতো এবারও তারা ‘প্ল্যান বি’ ঠিক করে রেখেছে।

সিজেপির মিডিয়া টিমের কর্মকর্তা বিজয় এম ইন্ডিয়া টুডে ডিজিটালকে বলেন, ‘দিল্লি পুলিশ অভিজিৎ দিপকেকে আটক করলে আমরা আমাদের বিকল্প পরিকল্পনার কথা জানাব।’

তিনি বলেন, পুলিশ আনুষ্ঠানিকভাবে আটক না করেও দিপকেকে কনট প্লেসে যেতে বাধা দেওয়ার চেষ্টা করলে বিকল্প পরিকল্পনা কার্যকর করা হবে।

তবে ওই সময় পর্যন্ত দিপকেকে আটক করা হয়েছে, এমন কোনো তথ্য তাদের কাছে ছিল না বলে জানান বিজয়। তিনি বলেন, সিজেপির আহ্বায়ক বিক্ষোভস্থলে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছিলেন।

 

 

এর কিছুক্ষণ পর দিল্লি পুলিশ দিপকেকে আটক করে। দিল্লির ঝান্ডেওয়ালান এলাকার বাসা থেকে বের হওয়ার পর তাঁকে আটক করা হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। তালাবদ্ধ ফটক টপকে যন্তর মন্তরে প্রবেশ করার পর তাঁদের আটক করা হয়।

ভোটে কারচুপির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লির যন্তর মন্তরে ১০ অক্টোবর সিজেপির বিক্ষোভ শুরুর আগে সংগঠনটির তিন নেতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষকে আটক করে পুলিশ। মুম্বাই থেকে তাঁদের বহনকারী উড়োজাহাজ রাজধানীতে অবতরণের পরপরই তাঁদের আটক করা হয়। পরে তাদের তিনজনকেই ছেড়ে দেওয়া হয়।

সেবার আটকের আশঙ্কা করে আগের রাতে একটি ভিডিও রেকর্ড করেছিলেন দিপকে। এতে বিক্ষোভে তাঁর অনুপস্থিতিতে সিজেপির সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্ক শিন্ডেকে নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন তিনি।

নেতাদের আটকের পর ভিডিওটি প্রকাশ করে সিজেপি। এতে জানানো হয়, তিন নেতা মুক্তি না পাওয়া পর্যন্ত শিন্ডে আন্দোলনে নেতৃত্ব দেবেন। পরে সমর্থকদের যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান শিন্ডে। পুলিশ যেখানে তাঁদের আটকে দেবে, সেখানেই বিক্ষোভ করার জন্য সমর্থকদের নির্দেশ দেন তিনি।