সাত দশকেরও বেশি সময় পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নরসের (ডব্লিউবিজি) চেয়ারম্যান হতে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংককে অনুষ্ঠিত ডব্লিউবিজি-আইএমএফের ২০২৬ সালের বার্ষিক সভার প্লেনারি অধিবেশনে বিশ্বব্যাংকে পাকিস্তানের গভর্নর আহাদ খান চিমাকে আগামী বছরের জন্য নতুন চেয়ারম্যান ঘোষণা করা হয়।
পাকিস্তান এটিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ উল্লেখ করে জানায়, এই দায়িত্ব বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নমূলক আলোচনায় দেশটির ভূমিকা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।
প্লেনারি অধিবেশন শেষে আহাদ খান চিমাকে চেয়ারম্যান পদের দায়িত্ব সম্পর্কে অবহিত করে বিশ্বব্যাংকের করপোরেট সচিবালয়। তিনি বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি আরাধনা কুমার-কাপুর এবং ডব্লিউবিজির এমডি অপারেশনস অ্যানা বজেরদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বয় নিয়ে বৈঠক করেন। এছাড়া তিনি বোর্ড অব গভর্নরসের বিদায়ী চেয়ারম্যান ও প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভালো স্প্যাল্ডিংয়ের সঙ্গে মতবিনিময় করেন।
চিমা বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরদার করা, কার্যকর উন্নয়ন অর্থায়ন নিশ্চিত করা, বহুপাক্ষিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বেসরকারি পুঁজি সংগ্রহের বিষয়ে পাকিস্তানের প্রতিশ্রুতি তুলে ধরেন।
অন্যদিকে ব্যাংককে বার্ষিক সভার ফাঁকে থাই প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।
পাকিস্তান বর্তমানে আইএমএফের ৭ বিলিয়ন ডলারের বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) এবং ১.৪ বিলিয়ন ডলারের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সুবিধার (আরএসএফ) অধীনে রয়েছে। চলতি মাসের শুরুতে দুটি পর্যালোচনার পর তহবিলের প্রায় ১.২ বিলিয়ন ডলার পাওয়ার ছাড়পত্র পায় পাকিস্তান।
তথ্যসূত্র: ডন