কারিগরি ত্রুটিতে দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ভারতের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বেড়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয় গত ৩০ সেপ্টেম্বর। সে সময় ত্রুটি মেরামতে চারদিন সময় লাগার কথা জানায় কোম্পানিটি। এরপর আরও কয়েক দফায় সময়সীমা বাড়ানো হলেও ত্রুটি পুরোপুরি সারানো যাচ্ছিল না। অবশেষে ১৬ দিন পর শুক্রবার সকালে ইউনিটটি উৎপাদনে ফিরেছে।
আদানির সঙ্গে বিপিডিবির বিদ্যুৎ ক্রয়চুক্তি হয় ২০১৭ সালে। এর দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা ৮০০ মেগাওয়াট করে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে চাহিদা অনুযায়ী দেড় হাজার মেগাওয়াট সরবরাহের রেকর্ড রয়েছে। প্রথম ইউনিট বন্ধের পর এই বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাচ্ছিল বাংলাদেশ।
পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ৮৪৩ মেগাওয়াট বিদ্যুৎ পায় বাংলাদেশ। এরপর সরবরাহ আরও বাড়ে। দুপুর ১টায় ১ হাজার ১২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি।