Image description

‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে অবদান কী?’ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের এমন প্রশ্নে তোপের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় উপস্থিত নেত্রীদের একাংশ তার রাজনৈতিক ভূমিকা ও দলীয় অবদান নিয়ে প্রশ্ন তোলেন।

এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? যারা আন্দোলনে ছিলো, ১৭ বছর দলের ধার হয়ে আমরা খেটেছি।

জেরিন রনি বলেন, বগুড়ার রাজপথে, ঢাকার রাজপথে ছিলাম। ১৭ বার জেলে গিয়েছি। মহিলাদের মধ্যে সর্বোচ্চ মামলা খেয়েছি। কনকচাঁপা এতদিন কোথায় ছিল? আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? কনকচাঁপা কে? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না। রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে আমরা তাদেরকে চাই। কনকচাঁপা কয়টা মামলা খেয়েছে? কয়টা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছে?

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার (১০ এপ্রিল) থেকে বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলটি জানিয়েছে, এবারের মনোনয়নে আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

অন্যদিকে এ ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে সক্ষম হন। এসময় আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কনকচাঁপা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।