কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্র নিশ্চিত করেছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে কি না তা জানায়নি।
ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার আগে বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর তখন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করে।
এদিকে পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সময় আরও একদিন বাড়ছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের আলোচনা হয়েছে প্রায় দুই ঘণ্টা ধরে। পরে নৈশভোজের বিরতি দেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী থেকে সংবাদমাধ্যমটি প্রতিনিধি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করার পর সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। নৈশভোজের পর আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, আজকের দিনটি ঐতিহাসিক। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মুখোমুখি আলোচনার টেবিলে বসেছেন। আলোচনাটি দুই ঘণ্টার কিছু কম সময় ধরে চলেছিল। সূত্রমতে, ইতিবাচক পরিবেশে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, প্রতিনিধিদলের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলের অভিযান এখন দক্ষিণে লেবাননেই সীমাবদ্ধ থাকবে। দেশটির রাজধানী বৈরুতে আর কোনো হামলা হবে না।
পাকিস্তানি সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাসহ মৌলিক শর্তগুলোর বিষয়ে কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে এখনও সমঝোতা হয়নি। দক্ষিণ লেবাননে হামলা সীমিত রাখার বিষয়ে একটি সম্ভাব্য বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে, যা আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত দেয়।