Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ দেওয়ার লক্ষ্যে টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র চালু করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় এটি চালু করা হয়। 

এর আগে, গত ২৫ জানুয়ারি টিএসসিতে এই নাগরিক সেবা কেন্দ্র চালুর ঘোষণা দেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। গত ১১ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়েছিল। 

নাগরিক সেবা কেন্দ্র চালুর বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিভিন্ন সেবার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের শরণাপন্ন হতে হয়। যেখানে দালাল চক্রের দৌরাত্ম্য ও নানাবিধ হয়রানির শিকার হতে হয়। উক্ত সকল সেবাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের একটি কেন্দ্র থেকে ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করতে আমরা এই উদ্যোগটি গ্রহণ করি।’

তিনি আরও বলেন, ‘কিছু সেবার ক্ষেত্রে পুরোপুরি অন স্টপ সলিউশন সম্ভব হয়নি। এটি নিয়ে এটুআই কাজ করছে। আমরা আশাকরছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলে কেন্দ্রটি থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ।’

জানা গেছে, জন্ম ও মৃত্যু সনদ, এনআইডি কার্ড সংশোধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিজিটাল সাইনিং, ডিজিটাল জিডি, ভূমিকর, ই-পর্চা, ইউটিলিটি বিল ও কর সহ সরকারের নানা সেবা এই কেন্দ্র থেকে পাওয়া যাবে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।