Image description

সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাউদ গ্রামে জামায়াতের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত সাউদ গ্রামের জামায়াত নেতা লায়েক আহমদের বাড়িতে রাতের আঁধারে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা ঘরের সামনের দেয়াল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়ির একটি অংশে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। আগুনে ঘরের কিছু আসবাবপত্র পুড়ে যায় এবং বাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে লায়েক আহমদের বড় ভাই মামুন হোসেন জানান, “রাতে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।”

তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।