Image description

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে অবৈধ টোল আদায় বন্ধ করেছেন।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাঁদা তোলার অভিযোগ পেয়ে তিনি বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান ও আলমসাধু (স্থানীয় যান) চালকদের কাছ থেকে টোল আদায়ের ঘটনা দেখতে পান। পরে তিনি রসিদ জব্দ করে তাৎক্ষণিকভাবে চাঁদা তোলা বন্ধের নির্দেশ দেন।

 

ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কে একশ্রেণির লোক টোলের নামে তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছিল। বিশেষ করে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় প্রতিদিন এসব যানবাহন থেকে নির্দিষ্ট হারে টাকা নেওয়া হতো।

 

সংসদ সদস্য আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না। তিনি জানান, শহরের বিভিন্ন এলাকায় ভ্যান, রিকশা, ইজিবাইক, আলমসাধু ও নছিমন থেকে চাঁদা আদায়ের অভিযোগ তিনি আগে থেকেই পাচ্ছিলেন।

 
 

 

ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান তিনি। তবে তারা কোনো সরকারি অনুমোদন দেখাতে পারেননি বলে জানান সংসদ সদস্য। পরে তিনি তাৎক্ষণিকভাবে চাঁদা তোলা বন্ধের ঘোষণা দেন।

 

আবু তালিব বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার সুযোগ আর থাকবে না। এখন থেকে এই স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না।