বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এ সময় সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং বিদ্যমান ব্যাবসায়িক বাধাগুলো দূর করা, বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা, সিলেটের শিল্পনগরগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সিলেটের শিল্পনগরগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের বিষয়ে আলোচনা করেন তারা।
এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ব্যাবসায়িক বাধা দূরীকরণ এবং বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে বাণিজ্য ও শিল্পখাতে এই সম্পর্ককে আরো সুদৃঢ় করতে উভয় দেশ নিরলস কাজ করছে।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সিলেটের অর্থনৈতিক উন্নয়নে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসও দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বৈঠককালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ