Image description

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের কর্মী আসাদুল হক (৩৫) দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ভাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আসাদুল হক একই গ্রামের ফজুর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিলেন এবং নির্বাচনে তার পক্ষে কাজও করেছেন।

 

স্থানীয়রা জানায়, রবিবার সকালে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা দুধ দিয়ে আসাদুল হককে গোসল করিয়ে বিএনপিতে যোগদান করান।

এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হক উপস্থিত ছিলেন। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, আসাদুল হক আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুলের কর্মী ছিল এবং তার পক্ষে ভোটও করেছে।

শুনলাম, সে আজ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছে।