Image description

কুড়িগ্রামের রাজারহাটে সারের ডিলারশিপ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব। কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তিনি লিখেছেন, ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন, ত্যাগী কর্মীরা মরে যাক’।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। সজীবের দাবি, বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য সুপারিশের তালিকায় তার নাম দ্বিতীয় স্থানে থাকলেও শেষ পর্যন্ত তিনি তা পাননি।

রায়হান ফেরদৌস সজীব রায়হান ট্রেডার্সের মালিক। তার অভিযোগ, বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপ পেয়েছেন মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল। এ ঘটনায় ক্ষোভ থেকেই তিনি ফেসবুকে এমন মন্তব্য করেছেন বলে জানান।

সজীবের দাবি, মোস্তফা জামাল ও তার পরিবারের সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। অন্যদিকে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পরও তিনি ডিলারশিপ পাননি বলে অভিযোগ করেন।

তবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা জামাল। তিনি বলেন, ‘এগুলো সব মিথ্যা। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না।’

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে সজীব জানান, প্রায় ১৭ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ২০১১ সালে বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৩ সালে রাজারহাট উপজেলা ছাত্রদলের কোষাধ্যক্ষ এবং ২০২১ সাল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া ২০২২ সালে ঢাকা মহানগর দক্ষিণের জিয়া মঞ্চের সহসভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানান সজীব।