Image description

ছয় দিনের ব্যবধানে আবারও রেকর্ড সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে দেড় হাজারের বেশি রোগী প্রাতিষ্ঠানিক চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। রেকর্ড সংখ্যক রোগী ভর্তির দিনে মৃত্যু হয়েছে চারজনের।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৩৪ জন ভর্তি হয়েছেন খুলনা বিভাগে।

 

এ ছাড়া ঢাকা বিভাগে ৩১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি বরিশাল ও চট্টগ্রামেও রোগীর সংখ্যা বেড়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫৯০ জন।

 

 

অন্যদিকে, সংক্রমণের পাশাপাশি ঘটছে মৃত্যুও। গত এক দিনেও চারজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অপরজন ঢাকা বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন নারী, তাদের দুজনই শিশু। অপরজন পুরুষ। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।

 

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট রোগীর মধ্যে ৬২ শতাংশই পুরুষ। তবে মৃত্যুহার বেশি নারীদের মধ্যে। মোট মৃত্যুর প্রায় ৫৭ শতাংশই নারী।