Image description

মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ‘প্রতারক’ শান্ত। পরে ইতালি প্রবাসী সেজে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে লঞ্চে ধর্ষণের পরে অচেতন করে থানার সামনে ফেলে পালিয়ে গেছে ওই যুবক।

 

বুধবার (১ জুলাই) সকালে বরিশাল জেলার মুলাদী থানার সামনে থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে মুলাদী থানার সামনে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হলে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর প্রতারণার গল্প।

ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর এলাকায়। তিনি জানান, গত প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শান্ত নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। শান্ত নিজেকে মাদারীপুরের বাসিন্দা এবং একজন ইতালি প্রবাসী বলে দাবি করে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার (৩০ জুন) শান্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় ডেকে আনে। পরে ঢাকা থেকে তারা মাদারীপুর যাওয়ার কথা বলে কৌশলে বরিশালের মুলাদীগামী একটি লঞ্চের কেবিন ভাড়া নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বুধবার সকালে লঞ্চটি মুলাদী পূর্ববাজার ঘাটে পৌঁছলে শান্ত ওই নারীকে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। নারী অচেতন হয়ে পড়লে তাকে একটি ভ্যানে তুলে দিয়ে চালককে মুলাদী থানার সামনে পাঠিয়ে দেয়। পরে নারীর মোবাইল, টাকা ও মালপত্র নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।

থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারী প্রতারণার শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, মোবাইলে প্রতারণার শিকার নারী ২ সন্তানের জননী এবং তালাকপ্রাপ্ত। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার সঙ্গে জড়িত প্রতারক যুবককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।