সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা এসেছে প্রায় ১১ বছর পর। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে বাজেটে ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। তবে ঘোষণার পরই বড় প্রশ্ন সামনে এসেছে—এই পে স্কেল ঠিক কারা পাবেন, আর কারা আরও অপেক্ষায় থাকবেন?
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে নতুন বেতন কাঠামোর মূল সুবিধাভোগী, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ জাতীয় পে স্কেল মূলত তাদের বেতন কাঠামোকে কেন্দ্র করেই তৈরি হয়। বাজেট ঘোষণাতেও ‘গভর্নমেন্ট এমপ্লয়িজ’ বা সরকারি চাকরিজীবীদের জন্যই এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। তবে পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা একইসঙ্গে এই সুবিধা পাবেন কিনা, নাকি তাদের জন্য আলাদা সিদ্ধান্ত ও আরও সময় লাগবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
বাজেট-পরবর্তী আলোচনা, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায়, নবম পে স্কেল এখনও সবার জন্য সমানভাবে ‘নিশ্চিত সুবিধা’ হয়ে ওঠেনি। বরং এটি ধাপে ধাপে বাস্তবায়নের পথে থাকা একটি রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত।
চলতি বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের কথা জানা গেছে। অর্থমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে কাঠামো কার্যকরের ঘোষণা দিলেও কীভাবে, কাদের আগে এবং কাদের পরে এই সুবিধা দেওয়া হবে—সে বিষয়ে বিস্তারিত বাস্তবায়ন-পদ্ধতি এখনও প্রকাশ হয়নি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বরাদ্দটি সরাসরি ‘সেলারি অ্যান্ড অ্যালাউন্সেস’ খাতে না দেখিয়ে ‘প্রকৃত জনসেবা’ বা নেট পাবলিক সার্ভিসের আওতায় রাখা হয়েছে। এই অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহার হতে পারে। তবে তা নির্ভর করবে বাস্তবায়নের গতি ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যে ফর্মুলা নিয়ে আলোচনা চলছে, তাতে প্রথম ধাপে সংশোধিত বেসিকের ৫০ শতাংশ, পরের ধাপে বাকি ৫০ শতাংশ এবং ভাতাদি পরে সমন্বয়ের পরিকল্পনা বিবেচনায় আছে। এর অর্থ, নতুন পে স্কেল কার্যকর মানেই সবাই ১ জুলাই থেকেই পুরো সুবিধা হাতে পাবেন—এমনটি নয়। বরং এটি হবে ধাপে ধাপে, আর্থিক সক্ষমতা অনুযায়ী বাস্তবায়িত একটি কাঠামো। সূত্র জানিয়েছে, জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল কার্যকর হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নবম পে কমিশন সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে। বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবও আলোচনায় আছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য এই ঘোষণা কেবল প্রতীকী নয়, বাস্তব আয় বাড়ার সম্ভাবনাও বড়। তবে চূড়ান্ত গেজেট, গ্রেডভিত্তিক ফর্মুলা এবং প্রথম ধাপে কত শতাংশ কার্যকর হবে—এসব এখনও প্রকাশ না হওয়ায় তারাও পুরো অঙ্ক নিয়ে নিশ্চিত হতে পারছেন না।
বুধবার (২৪ জুন) সচিব কমিটির বৈঠকে পে কমিশনের জনপ্রশাসন-সংক্রান্ত সুপারিশগুলো পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। বৈঠক সূত্রে জানা গেছে, জনপ্রশাসন খাতের সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্য হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনও নিষ্পত্তি হয়নি। এ দুটি খাতের সুপারিশ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। শিগগিরই বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাবনাও চূড়ান্ত করা হবে। এ জন্য আরও একটি সভা হতে পারে।
তবে বেতন কত শতাংশ বাড়বে কিংবা নতুন পে স্কেল কত ধাপে কার্যকর করা হবে—এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি বৈঠকে অংশ নেওয়া সদস্যরা। সভায় বেসিকের কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে বা এলপিআরে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন।
নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে তিনটি বিকল্প ধরে কাজ করছে সরকার। সচিব কমিটির প্রথম প্রস্তাবনা অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৬০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় আছে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির চিন্তাভাবনাও রয়েছে।
এদিকে পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়েও প্রত্যাশা তৈরি হয়েছে। বাজেটের ৪৪ হাজার কোটি টাকার বরাদ্দে তাদের সম্ভাব্য সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে পেনশন কীভাবে পুনর্নির্ধারণ হবে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি কর্মচারীদের মতো একই সময়ে ও একই ফর্মুলায় সুবিধা পাবেন কিনা—এসব এখনও স্পষ্ট নয়।
সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা হলো স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলো। এর মধ্যে বিভিন্ন বোর্ড, করপোরেশন, গবেষণা প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, সংস্থা এবং কিছু বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও রয়েছেন। এসব প্রতিষ্ঠানের কেউ সরাসরি সরকারি স্কেল অনুসরণ করে, কেউ নিজস্ব সার্ভিস রুলস অনুযায়ী চলে, আবার কারও ক্ষেত্রে বোর্ড বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আলাদা অনুমোদন প্রয়োজন হয়।
ফলে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এখন সবচেয়ে সঠিক শব্দটি হলো অপেক্ষা। সরকারি ঘোষণায় তারা স্পষ্টভাবে বাদও পড়েননি, আবার নিশ্চিতভাবেও অন্তর্ভুক্ত হননি। তাদের সামনে এখন প্রশ্ন—সরকারি প্রজ্ঞাপনে তাদের নাম বা কাঠামো কীভাবে আসে এবং সংশ্লিষ্ট বোর্ড বা মন্ত্রণালয় পরে কী সিদ্ধান্ত নেয়।
সব মিলিয়ে নবম পে স্কেলের মূল সুবিধাভোগী হচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পেনশনভোগী, এলপিআরে থাকা কর্মকর্তা-কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও সম্ভাবনার দরজা খোলা আছে। তবে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত প্রতিষ্ঠানের বড় অংশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। গেজেট, বাস্তবায়ন নির্দেশনা এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ব্যাখ্যাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে—কে এখনই স্বস্তি পাবেন, আর কাকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। পে কমিশন গঠন থেকে শুরু করে এর সুপারিশ বাস্তবায়নের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, এমনকি মামলা-হামলার মুখেও পড়তে হয়েছে। গত ১১ বছরে নানা অজুহাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রাখা হয়েছে। এখন সরকার যেহেতু পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, তাই আমরা স্বাভাবিকভাবেই আশাবাদী। তবে প্রজ্ঞাপন জারি ও বাস্তবে বর্ধিত বেতন হাতে না পাওয়া পর্যন্ত পুরোপুরি স্বস্তি বা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।’’