Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার সাত দিন পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁকে পাওয়া যায়।

এর আগে গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিলেন সিরাজুল ইসলাম। তার সন্ধানে পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলে ২৩ জুন উপাচার্যের সভাপতিত্বে একটি জরুরি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

সন্ধান পাওয়ার পর সিরাজুল ইসলাম বলেন, তিনি কেরানীগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তবে বর্তমানে তাঁর মানসিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নয় এবং কী ঘটেছিল সে বিষয়ে তিনি এখনই কিছু বলতে পারছেন না। পুরোপুরি সুস্থ হতে তাঁর কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

সিরাজুলের বাবা আবুল কালাম জানান, বৃহস্পতিবার সকালে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয় যে সিরাজুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করছেন। খবর পেয়ে তিনি দ্রুত বিষয়টি নিশ্চিত করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, প্রক্টরের নেতৃত্বে একটি টিম ধানমন্ডি থানার সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজুল ইসলামকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।