Image description
ওসিকে এমপি মনিরুল

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও গুলির ঘটনায় আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, একজন স্কুলছাত্র গুলিবিদ্ধ হবে, স্কুলে যেতে পারবে না, আর মাদক ব্যবসায়ীরা বহাল তবিয়তে থাকবে—এ অবস্থায় দায়িত্বে থাকা কারও জন্যই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার ( ২৫ জুন) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় ইথানের মা সোনিয়া আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, “মাদক ব্যবসায়ীদের কাছে যদি সবাই অসহায় হয়ে পড়ি, তাহলে দায়িত্বে থাকার কোনো অর্থ নেই। মাদক কারবারীরা থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব—এটা ঠিক না। এই পরিবারের কাছে আমরা কী জবাব দেব?”

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলা হবে। ইতোমধ্যে তিনি ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ সময় আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন এমপি মনিরুল। তিনি ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন।

ইথানের মা সোনিয়া আক্তার জানান, এলাকার অপু ও সাব্বির গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ চলছিল। ঘটনার দিন তিনি তাঁর ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন। টিফিন শেষে বাড়ি ফেরার পথে ইথানের পিঠে গুলি লাগে। তিনি বলেন, “আমার একমাত্র ছেলে। তার কিছু হলে আমি কী নিয়ে বাঁচব?”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম।

ইথান কাটাবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কাটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।