Image description

অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৫ হাজার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের লেনদেন স্থগিত বা ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে অনলাইন জুয়ায় জড়িত ব্যক্তি ও চক্রগুলো শনাক্তে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকার ১০ এপ্রিল সাইবার নিরাপত্তা আইন-২০২৬ জারি করেছে। আইনের ২০ ধারায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা, অনলাইন জুয়ায় অংশগ্রহণ, এ ধরনের কার্যক্রমে সহায়তা বা উৎসাহ প্রদান, জুয়ার প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়াসংশ্লিষ্ট কার্যক্রমের প্রচার বা বিপণনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর অনলাইন জুয়াসংক্রান্ত একটি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে গত মে মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দিয়েছে বিএফআইইউ। এ ঘটনায় সিআইডি ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের ওপর বিএফআইইউর নজরদারি অব্যাহত রয়েছে।