Image description

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়কের মৌখিক পরীক্ষা (ভাইবা) দিতে এসে চারজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ।

 

বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা দেওয়ার সময় চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত ১৯.০৬.২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হয়।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের ২৪, ২৫, ও ২৮ জুন মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারণ করা হয়।

অফিস সহায়ক পদে আজ বৃহস্পতিবার মৌখিক পরীক্ষার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। আটককৃত চার প্রার্থী হলেন- মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া।

মৌখিক পরীক্ষায় আশানুরূপ পারদর্শিতা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সাথে মিল না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে স্বীকার করেন যে, তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য ব্যক্তিদের প্রক্সি প্রদানের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তাদের লিখিত দোষ স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।