Image description

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন হ্লাপ্রুসাই মারমা (৩০), তেজেন্দ্র চাকমা (২৭) ও বিশ্ব ত্রিপুরা (২৮)।

 

যৌথ বাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফের ওই সদস্যরা সাংগঠনিক কাজ শেষে রেখুং পাড়ার এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অভিযানস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, তিনটি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। পরে আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, অবৈধভাবে আমাদের তিন সদস্যকে আটক করা হয়েছে। তিনি আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফের তিন সদস্যকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।