সংসদ অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামালের মন্তব্যের সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক সারজিস আলম। স্পিকার ও ডেপুটি স্পিকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা যেই টোনে বলেন- 'এটা শাহবাগ নয়' সেই টোনটা 'জুলাইয়ের রাজপথ'কে খাটো করার টোন।’
আজ রবিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি।
পোস্টে সারজিস লেখেন, মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে হাসনাত আব্দুল্লাহ কিংবা আব্দুল হান্নান মাসউদ এমপির কোনো কথা আপনাদের মন মতো না হলে কিংবা সংসদীয় বিধিকে অতিক্রম করলে আপনারা যেই টোনে বলেন- 'এটা শাহবাগ নয়' সেই টোনটা 'জুলাইয়ের রাজপথ'কে খাটো করার টোন।
তিনি আরও বলেন, একটা বিষয়ে খুব ভালো করে মনে রাখবেন মাননীয় স্পিকার- জনগণ ইতঃপূর্বে বিএনপি'র দ্বারা প্রতারিত হওয়ার কারণে ১৪, ১৮, ২৪ এর ভোট চুরির নির্বাচনের পরও আপনাদের ডাকে সাড়া দেয়নি, আপনাদের পক্ষে রাজপথে নামেনি। কারণ আপনাদের প্রতিও তাদের সেই আস্থাটা আর ছিল না। ২৮ অক্টোবরে যখন আপনারা কয়েক ঘন্টাও রাজপথে স্থায়ী হতে পারেননি তখন সাধারণ মানুষ ধারণা করেছিল বিএনপির সময় বোধ হয় শেষ হয়ে এলো। সর্বশেষ ২৪ এর নির্বাচনের পরে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারায় বিএনপি আর কখনো প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশী ফিরতে পারবে কিনা সেই আশঙ্কাও জোরেশোরে মানুষের মনে দানা বেঁধেছিল।
সারজিস বলেন, অতঃপর ২৪ এর জুলাই এলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে 'শাহবাগ চত্বর', সেখান থেকে পুরো বাংলাদেশে জুলাই ছড়িয়ে পড়লো। জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার, স্বদেশ প্রত্যাবর্তনের, এমনকি আপনাদেরকে স্পিকার, ডেপুটি স্পিকার হওয়ার।
এনসিপির এই নেতা বলেন, কোনো কথা পছন্দ না হলে কিংবা বিধি বহির্ভূত হলে বিধি অনুযায়ী সংশোধন করবেন। জুলাইয়ের শাহবাগ কিংবা রাজপথকে মকারি করে কথা বলার যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে সেটা থেকে আগামীতে বিরত থাকবেন এই প্রত্যাশা থাকবে। এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে উঠার নয়, বিএনপি'র নীরবতার নয়, ২৪ এর এই শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় বুক বেঁধে রাজপথে নামা আপামর ছাত্র জনতার।
এর আগে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্য শেষ না হতেই সংসদে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়েন এমপি হান্নান মাসউদ। তখন ব্যারিস্টার কায়সার কামাল হান্নান মাসউদের উদ্দেশে বলেন, ‘হান্নান মাসউদ আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইস নট দ্য নর্মস। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন।’
স্পিকার হান্নান মাসউদকে বারবার বসতে বললেও তিনি না বসে দাঁড়িয়ে থাকেন। সংসদে দাঁড়িয়ে তিনি স্পিকারকে বারবার বলেন কথা বলতে দেয়ার জন্য। এরপর স্পিকার বলেন, ‘হান্নান মাসউদ এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।’
পরে হান্নান মাসউদ চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন। এরপর ফ্লোর নিয়ে কথা বলেন সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
এদিকে গত ১০ এপ্রিল কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছিলেন, এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ।