বর্তমান সরকারের কর্মকাণ্ড জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন পিরোজপুর থেকে নির্বাচিত বিরোধীদলীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী।
তিনি বলেন, বিএনপির স্লোগান ছিল ‘সবার আগে দেশ’।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী ও অসামঞ্জস্যপূর্ণ’ আখ্যা দিয়ে মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থবছরেই শতভাগ বাজেট বাস্তবায়ন হয়নি।
শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগগুলোর বরাদ্দ যোগ করলে দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা। তাহলে বাকি প্রায় ১৪ হাজার কোটি টাকার হিসাব কোথায়? এ অর্থ কোথায় ব্যয় হবে, তা বাজেটে স্পষ্ট করা হয়নি।
সরকারের রাজনৈতিক আচরণের সমালোচনা করে মাসুদ সাঈদী বলেন, অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনার কথা বললেও মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জমি দখল, অফিস দখল এবং বেপরোয়া চাঁদাবাজি চলছে। নির্বাচনে পরাজিত ব্যক্তিদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় নেতাকর্মীদের বসানোর মাধ্যমে জুলাইয়ের চেতনার অবমাননা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একটি হাসপাতালের লাইসেন্স তড়িঘড়ি করে বাতিল করা হয়েছে, যা মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো। নির্বাচনের আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, নির্বাচন পার হলে তিনি তার ‘চওড়া’ রূপ দেখাবেন। লাইসেন্স বাতিল কি সেই রূপেরই অংশ?
বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারদলীয় সংসদ সদস্যরা যেভাবে বরাদ্দ পাচ্ছেন, আমরা যারা বিরোধী দলে আছি তারা চরমভাবে বঞ্চিত হচ্ছি। বিনিয়োগের কথা বলা হলেও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আচরণ ব্যবসাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা এবং সেখানে রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে পিরোজপুরে প্রায় ৬ হাজার কোটি টাকার দুর্নীতির কারণে গত দুই বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।