Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘মাদক আমাদের সমাজের বড় সমস্যা। যে ব্যক্তি মাদক সেবন করে, সে নিজেও ধ্বংস হয়, তার পরিবার ও সমাজকে ধ্বংস করে।

সমাজের বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।’ 

 

রবিবার (২১ জুন) বিকিলে চৌদ্দগ্রাম উপজেলার রাজাবাজার থেকে আলকরা শাহ ফখর উদ্দিন সড়কের চেইনেজ  প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং সন্ধ্যায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। 

 

তিনি আরো বলেন, ‘২০০১ সালে জাতীয় সংসদে বক্তব্য তুলে ধরেছিলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি ভারতের নিকটবর্তীতে হওয়ায় কোনো সময় যদি ভারত কামান হামলা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি অচল হয়ে যেতে পারে। বিকল্প চলা চলার জন্য গুরুত্বপূর্ণ হবে এ শাহ ফখরুদ্দিন সড়ক। এতে নিরাপদ চলাচল ও দূরত্ব কমবে।

’ 

 

 ‎ডা. তাহের বলেন, ‘জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।’

‎পথসভায় আরো বক্তব্য দেন জামায়াত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি প্রকৌশলী মু. মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহীম এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।