Image description

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন বাইশ গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বংশাই নদীর একপাশে কালিহাতী উপজেলা এবং অপর পাশে সখীপুর উপজেলা অবস্থিত। নদীসংলগ্ন হওয়ায় সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা প্রতি বছর কালিহাতী উপজেলার বাইশ গ্রামে ঈদের নামাজ আদায় করতে যান। এক্ষেত্রে যাতায়াতের জন্য খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা।

এবার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দুপুর ১২টার দিকে মুসল্লিরা নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি নদীর মাঝপথে ডুবে যায়। তবে উপস্থিত মুসল্লিরা সাঁতার কেটে নিরাপদে নদীর তীরে উঠে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, অতিরিক্ত যাত্রী বহনে নৌকাটি ডুবে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।