Image description

কোনো অপরাধ নেই, নেই কোনো সাজা। তবু চারদেয়ালের বন্দিজীবনে এবারের ঈদুল আজহা কেটেছে ৪০ নিষ্পাপ শিশুর। মায়ের অপরাধ বা মামলার কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কাটে এসব শিশুর ঈদুল আজহা।

 

বাইরের আলোঝলমলে দুনিয়ার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলেও কারাগারে এসব শিশুর জন্য ছিল বিশেষ আয়োজন।

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, সরকারি নিয়ম অনুযায়ী ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ দেওয়া হয়। বয়স ছয় বছর পার হলে তাদের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শিশু সদনে পাঠানো হয়। বর্তমানে কারাগারে থাকা এই ৪০ শিশুর জন্য ভেতরেই খেলাধুলা ও প্রাথমিক পড়াশোনার ব্যবস্থা রাখা হয়েছে।

 

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুধু শিশুরাই নয়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা প্রায় ছয় হাজার বন্দির জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। ঈদের জামাতের পর রয়েছে স্বজনদের সঙ্গে যোগাযোগের বিশেষ ব্যবস্থা।